ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন: সুযোগ পাচ্ছেন সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন ১০ নভেম্বর থেকে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন: সুযোগ পাচ্ছেন সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন ১০ নভেম্বর থেকে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহু প্রতীক্ষিত পঞ্চম সমাবর্তনের জন্য অনলাইনে নিবন্ধন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই সমাবর্তনে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি সান্ধ্যকালীন (অনিয়মিত) ডিগ্রিধারীরাও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

গত রবিবার আইসিটি সেলের সহযোগিতায় আয়োজিত পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের ২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সভাপতিত্বে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু করতে একটি অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে। আগামী ১০ নভেম্বর থেকে এটি সবার জন্য উন্মুক্ত হবে এবং শিক্ষার্থীরা ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিবন্ধন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক মো. ফারুকুজ্জামান খান জানান, অফলাইনে কোনো নিবন্ধনের সুযোগ থাকছে না। উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আবেদন করবেন, যাদের অনেকেই প্রযুক্তিতে ততটা দক্ষ নন।

তাই ছবি আপলোডসহ পুরো প্রক্রিয়াটি সহজ করার জন্য আইসিটি সেলকে পোর্টালে সুনির্দিষ্ট নির্দেশনা যোগ করতে তিনি অনুরোধ করেন। তিনি আরও দাবি করেন যে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি এক ধাপ কমানো হয়েছে, যা বিভিন্ন উপ-কমিটির বৈঠকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, প্রাক্তণ শিক্ষার্থীদের একাংশ এই ফিকে এখনও অতিরিক্ত বলে মনে করছেন। এই সমাবর্তনে মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং অনার্সের ক্ষেত্রে ২০১২-১৩ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মাস্টার্স (সান্ধ্যকালীন) ডিগ্রিধারীদেরও নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম থেকে ২৭৫তম সিন্ডিকেট সভার মাধ্যমে অনুমোদিত এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীরাও এই সমাবর্তনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

উপাচার্য সান্ধ্যকালীন ডিগ্রিধারীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে তাদের সনদ গ্রহণের অধিকারের প্রতি সম্মান জানিয়ে একটি নমনীয় নীতিমালা হিসেবে অভিহিত করেন। নিবন্ধন-সংক্রান্ত বিবরণী অনুযায়ী, সাধারণ শিক্ষার্থীদের জন্য সমাবর্তন রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৪,৫০০ টাকা।

তবে, মাস্টার্স (সান্ধ্যকালীন) ডিগ্রিধারীদের জন্য এই ফি ৫,৫০০ টাকা। এছাড়া, সনদের জন্য আলাদা ফি প্রযোজ্য হবে: স্নাতক (সম্মান) ৫০০ টাকা, মাস্টার্স ৭০০ টাকা, মাস্টার্স (সান্ধ্যকালীন) ১,০০০ টাকা, এমফিল ১,৫০০ টাকা এবং পিএইচডি ২,০০০ টাকা।

একাধিক ডিগ্রির ক্ষেত্রে প্রতিটি ডিগ্রির জন্য পৃথক সনদ ফি জমা দিতে হবে। আবেদন ও পেমেন্ট সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীর ব্যক্তিগত তথ্য এবং ডিগ্রির বিবরণ যাচাই করবে।

যাচাই প্রক্রিয়া শেষে আবেদন অনুমোদিত হলে শিক্ষার্থীরা পোর্টাল থেকে তাঁদের সমাবর্তন কার্ড ডাউনলোড করতে পারবেন। এই কার্ডে গ্র্যাজুয়েটের পরিচয়, ছবি, আবেদন নম্বর, গাউনের মাপ, অতিথির তথ্য, ডিগ্রির বিবরণ ও একটি কিউআর কোড অন্তর্ভুক্ত থাকবে।

প্রত্যেক গ্র্যাজুয়েট সর্বোচ্চ তিনজন অতিথিকে সমাবর্তনে সঙ্গে আনতে পারবেন। অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী অথবা সন্তানকে অন্তর্ভুক্ত করা যাবে।

পাঁচ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক অতিথির জন্য ১,০০০ টাকা ফি নির্ধারিত হয়েছে। নিবন্ধনকারী গ্র্যাজুয়েটদের গাউন ও উপহারসামগ্রী প্রদান করা হবে, যার জন্য নিবন্ধনের সময় গাউনের মাপ উল্লেখ করা আবশ্যিক।

অধ্যাপক ফারুকুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং প্রক্রিয়া সহজ করতে অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।