Wed 28th Oct 2026, 2:31 pm
|

মিরপুর টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

মিরপুর টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
গতকাল সকালে অনুশীলনের সময় আঙুলে চোট পান অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ডান হাতের তর্জনীতে টেপ পেঁচিয়ে তিনি ড্রেসিংরুমে ফিরলেও গতকাল আর ব্যাট করতে পারেননি, ব্যথায় রীতিমতো কাতরাচ্ছিলেন।

এক্স-রে রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় রাতে তাঁকে একাদশের জন্য বিবেচনায় রাখা হবে বলে জানানো হলেও, শেষ পর্যন্ত তাঁকে দলে রাখা হয়নি। মুশফিকের অনুপস্থিতিতে একাদশে জায়গা পেয়েছেন তরুণ তাওহিদ হৃদয়।

গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল এবং গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের এক দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে।

একনজরে বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম। মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালে পৌঁছাতে হলে এই চক্রে তাদের হাতে থাকা ছয়টি টেস্টের মধ্যে অন্তত চারটি জিততে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়েই সেই জয়ের ধারা শুরু করতে চাইছে টাইগাররা। যদিও গতকাল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, আপাতত তাঁর সমস্ত মনোযোগ কেবল মিরপুর টেস্টের দিকেই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই তিনি ভাবছেন না। অন্যদিকে, পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের উপর তেমন কোনো চাপ নেই।

তারা সেরা পাঁচে থেকে চক্র শেষ করতে পারলেই খুশি হবে, কারণ এতে কিছু বাড়তি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।