Tue 27th Oct 2026, 2:40 pm
|

বিগ ব্যাশে মোস্তাফিজুর রহমান: মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা

বিগ ব্যাশে মোস্তাফিজুর রহমান: মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা
রিশাদ হোসেনের বিগ ব্যাশে খেলা প্রায় নিশ্চিত। এবার জানা গেল, অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে দেখা যাবে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকেও।

মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে মাতানোর সম্ভাবনা রয়েছে এই বাঁহাতি পেসারের। বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ।

বিসিবিও তাকে ছাড়পত্র দিতে আগ্রহী বলে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রেনেগেডসের জার্সিতে তাকে মাঠে দেখা যাবে।

ঘরোয়া ডি-থ্রি টুর্নামেন্টের নিলামে বিসিবি সভাপতি তামিম ইকবাল মোস্তাফিজের এনওসি চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ডি-থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে মোস্তাফিজ ও রিশাদ বিগ ব্যাশের কারণে খেলবেন না।

ডি-থ্রি নিলামে মোস্তাফিজকে নিয়ে তেমন একটা কাড়াকাড়ি হয়নি। ৭০ লাখ পয়েন্টে তাকে দলে নেওয়া সেভেন রিংস সিমেন্ট শুধু ওয়ানডে সংস্করণে এই অভিজ্ঞ ক্রিকেটারকে পাবে।

প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান বিগ ব্যাশে খেলেছিলেন। গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা লেগ স্পিনার রিশাদ হোসেন আগামী আসরে একই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন।

বিগ ব্যাশের পরবর্তী আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে, যা ডি-থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণের সময়ের সাথে মিলে যাচ্ছে। উল্লেখ্য, টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় মোস্তাফিজুর রহমান ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন না।