Tue 8th Sep 2026, 4:55 pm

অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি: বাংলাদেশের নারী দলের দাপুটে হ্যাটট্রিক জয়

অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি: বাংলাদেশের নারী দলের দাপুটে হ্যাটট্রিক জয়
অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পুরুষ দল এখনও জয়ের দেখা পেতে ব্যর্থ হলেও, নারী দল ইতিমধ্যেই টানা তিনটি দুর্দান্ত জয় তুলে নিয়েছে। টুর্নামেন্টের শুরুতেই চাইনিজ তাইপেকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ধারাবাহিকতায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন করে বাংলার মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মেয়েরা নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। প্রথম কোয়ার্টারে তারা দুটি গোল করে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। মধ্য বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ গোল না পেলেও, শেষ কোয়ার্টারে আরও দুটি গোল যোগ করে স্কোরলাইন ৪-০ করে ম্যাচ নিজেদের করে নেয়। দলের হয়ে রিমন দুটি গোল করেন, এছাড়া লিজা ও লিমা একটি করে গোল করে বিজয়ে অবদান রাখেন।

বাংলাদেশ নারী হকি দল জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে হকির উন্নয়নশীল দেশগুলো অংশ নিচ্ছে। তাদের পরবর্তী প্রতিপক্ষ হংকং।

চ্যালেঞ্জার গ্রুপে প্রাপ্ত অবস্থানের ওপর ভিত্তি করে এলিট গ্রুপের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত হবে। উল্লেখ্য, বাংলাদেশ পুরুষ দল এদিন বিকেলে কাজাখস্তানের মুখোমুখি হবে।