কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অবৈধ নির্মাণে পুরসভার বুলডোজার, ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অবৈধ নির্মাণে পুরসভার বুলডোজার, ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ার বাসভবনের সামনের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ ও পুরসভা। বৃহস্পতিবার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

সকালে বুলডোজার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও পুরসভার কর্মকর্তারা। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, কমব্যাট ফোর্স এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) সদস্যরা।

এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও স্থাপনাগুলোর কিছু মালামাল ও অংশ সরিয়ে নেওয়া হয়েছিল, তবে আজ সকালে হঠাৎ করেই বুলডোজার নিয়ে অভিযান শুরু করে পুরসভা।

স্থানীয় বাসিন্দারা জানান, পথচারীদের ফুটপাত দখল করে তৃণমূল কংগ্রেসের একটি শহীদ বেদি এবং অভিষেকের নিরাপত্তার জন্য এই স্থাপনাগুলি নির্মাণ করা হয়েছিল। বাঁশ ও লোহা দিয়ে তৈরি এই স্থাপনাগুলির মধ্যে তৃণমূলের শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদিটিও ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ করা হয় একটি লোহার গেটও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পথচারীদের চলাচলের জন্য তৈরি ফুটপাত আটকে এই ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছিল, যা জনসাধারণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছিল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘বাংলাবিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।

কোনো বুলডোজার তা থামাতে পারবে না।’ অন্যদিকে, কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটপাত দখলমুক্ত করাই তাদের প্রধান লক্ষ্য। পুরসভা সূত্রে আরও জানা যায় যে, এই অবৈধ স্থাপনাগুলি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই নির্মাণ করা হয়েছিল।

মূলত, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, তখন তাঁর নিরাপত্তার প্রয়োজনে এই স্থাপনাগুলি তৈরি করা হয়। বর্তমানে তিনি সাধারণ ক্যাটাগরির নিরাপত্তা পান।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ির অবৈধ নির্মাণও ভাঙার কাজ চলছে। গতকাল থেকে পুর কর্তৃপক্ষ এই অভিযান শুরু করেছে এবং গতকাল দিনভর ভাঙার কাজ চলার পর আজ সকাল থেকে আবারও তাঁর বাড়ির অবৈধ অংশ ভাঙা শুরু হয়েছে।