Fri 10th Jul 2026, 12:01 am

নিউইয়র্ক সিটির মেয়রের চাঞ্চল্যকর অভিযোগ: বিশ্বকাপের ম্যাচে মিসরের জয় ‘ছিনিয়ে নেয়া হয়েছে’

নিউইয়র্ক সিটির মেয়রের চাঞ্চল্যকর অভিযোগ: বিশ্বকাপের ম্যাচে মিসরের জয় ‘ছিনিয়ে নেয়া হয়েছে’
বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ আর্জেন্টিনার বিপক্ষে মিসরের নাটকীয় পরাজয় ঘিরে সৃষ্ট বিতর্ক এখনো প্রশমিত হয়নি। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

এই মুসলিম মেয়রের অভিযোগ, ম্যাচটি ন্যায্যতার সাথে শেষ হয়নি; বরং মিসরের সম্ভাব্য জয় ‘ছিনিয়ে নেওয়া হয়েছে’ বলে তিনি দাবি করেছেন।

গত মঙ্গলবার অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-২ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। ম্যাচটি সমাপ্ত হওয়ার পর থেকেই রেফারিং এবং ফিফার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

এই ঘটনার একদিন পর দ্রুতগতির বাসসেবা সংক্রান্ত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মামদানি বলেন, “২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ আর্জেন্টিনার বিপক্ষে মিসরের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।”

মূলত পরিবহন প্রকল্পের প্রসঙ্গ উত্থাপন করতে গিয়েই তিনি হঠাৎ করে বিশ্বকাপের এই চলমান বিতর্ক প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি আরও যোগ করেন, “এর মাধ্যমে আপনারা বন্ধুদের সাথে বসে এটাও বলতে পারবেন যে গতকাল মিসরকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।”

তার এই মন্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনার সূত্রপাত ঘটায়। উল্লেখ্য, গত দু’দিন ধরেই রেফারির পক্ষপাতমূলক আচরণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যা সাধারণ ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

এর মধ্যে, ম্যাচের রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিসর ফুটবল ফেডারেশন। তাদের সভাপতি হানি আবু রিদা, ম্যাচে নেওয়া একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এবং ভিএআর ব্যবহারের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশ্বকাপের অন্যতম আলোচিত এই ম্যাচকে ঘিরে সৃষ্ট বিতর্ক এখনো থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। মামদানির এই মন্তব্য এবং মিসর ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক অভিযোগ সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে।