Wed 2nd Sep 2026, 12:11 pm

ভেনিস চলচ্চিত্র উৎসব: গাজা থেকে ইউক্রেন, ক্ষমতার দ্বন্দ্ব ও অস্থির পৃথিবীর চিত্র

ভেনিস চলচ্চিত্র উৎসব: গাজা থেকে ইউক্রেন, ক্ষমতার দ্বন্দ্ব ও অস্থির পৃথিবীর চিত্র
এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে পরিচিত তারকাদের ভিড় থাকলেও, প্রধান আকর্ষণ সম্ভবত কোনো ব্যক্তি নন, বরং যুদ্ধ, রাজনীতি, ক্ষমতা ও একটি অস্থির পৃথিবীর গল্পগুলোই আলোচনার কেন্দ্রবিন্দুতে। পৃথিবীর প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর আজ থেকে শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। গত বছরের তুলনায় এবার হলিউডের বড় স্টুডিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম। এই শূন্যস্থান পূরণ করছে স্বাধীন চলচ্চিত্র, আর্টহাউস সিনেমা এবং গভীর রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে নির্মিত তথ্যচিত্রগুলো। উৎসবের শিল্প পরিচালক আলবের্তো বারবেরা এই আসরকে ভেনিসের ইতিহাসে সবচেয়ে রাজনৈতিক হিসেবে বর্ণনা করেছেন। বিশেষত, এই উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জায়গা করে নিয়েছে।

উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েল পরিচালিত ‘ইঙ্ক’। ছবিটি প্রভাবশালী ডানপন্থী মিডিয়া মোগল রুপার্ট মারডকের জীবন ও তাঁর গণমাধ্যম সাম্রাজ্যের উত্থান নিয়ে নির্মিত। অস্ট্রেলিয়ার ৯৫ বছর বয়সী এই ব্যক্তিত্বের যাত্রা, বিশেষ করে ১৯৬৯ সালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে তাঁর প্রবেশ এবং ট্যাবলয়েড দ্য সান অধিগ্রহণ—এসবই ছবির মূল উপজীব্য। মারডক ও তাঁর পরিবারের ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা নিয়ে নির্মিত কাল্পনিক সিরিজ ‘সাকসেশন’ও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।

এবারের আসরের অন্যতম আলোচিত তথ্যচিত্র ‘মাস্ক’, যা প্রায় চার ঘণ্টা দীর্ঘ। অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি, যিনি সামরিক নির্যাতন ও দুর্নীতির মতো সংবেদনশীল বিষয় নিয়ে কাজের জন্য পরিচিত, এবার তাঁর ক্যামেরা ঘুরিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের দিকে। তবে ছবিটি মুক্তির আগেই মাস্কের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে; গত মাসে তিনি এক্স-এ দাবি করেন যে এটি তাঁর ‘সুনাম নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে’।

মূল প্রতিযোগিতা বিভাগে গাজাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। অস্কারজয়ী ইসরায়েলি-ফিলিস্তিনি প্রযোজনা ‘নো আদার ল্যান্ড’-এর দুই নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোরের নতুন তথ্যচিত্র ‘নাজা’-তে উঠে এসেছে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং প্রযুক্তি-নির্ভর সামরিক কার্যক্রমের চিত্র। ‘সিটিজেন ওসামা’ ছবিতে দেখানো হয়েছে গাজার একজন ফটোসাংবাদিকের জীবন। অন্যদিকে, ইসরায়েলি নির্মাতা আমোস গিতাইয়ের ‘রোড টু জেরিকো’-তে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি চরমপন্থী বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়েছে।

মার্কিন-রুশ নির্মাতা জুলিয়া লোকতেভের ‘মাই আনডিজায়ারেবল ফ্রেন্ডস: পার্ট ২—এক্সাইল’ রাশিয়ায় স্বাধীন সাংবাদিকতার ওপর দমন-পীড়নের এক মর্মস্পর্শী আখ্যান। বেলারুশের রাজনৈতিক নিপীড়ন নিয়ে নির্মিত ‘লেটার্স ফ্রম দ্য সাইলেন্সড কান্ট্রি’র বিশ্ব প্রিমিয়ারও হবে ভেনিসে। তবে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে ‘দাও’ ছবিকে ঘিরে। রুশ বংশোদ্ভূত নির্মাতা ইলিয়া খ্রঝানোভস্কির এই ছবিটি মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়ায় ইউক্রেনের পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে, ছবিটির রুশ সংযোগ নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। কিন্তু উৎসব পরিচালক আলবের্তো বারবেরা সমালোচনার মুখেও তাঁর সিদ্ধান্তে অটল রয়েছেন, তাঁর যুক্তি—অনেকেই ছবিটি না দেখেই অভিযোগ করছেন।

গত বছরগুলোতে হলিউডের বড় স্টুডিও এবং নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলোর বিপুল উপস্থিতি দেখা গেলেও, এবার তারা অনেকটাই অনুপস্থিত। এটি বার্লিন ও কানের মতো অন্যান্য বড় উৎসবেও একই প্রবণতা দেখা গেছে। ফলস্বরূপ, ভেনিসে এবার স্বাধীন ও শৈল্পিক ঘরানার সিনেমাগুলোই বাড়তি মনোযোগ পাচ্ছে। এর মধ্যে রয়েছে আইরিশ নির্মাতা মার্টিন ম্যাকডোনার ডার্ক কমেডি ‘ওয়াইল্ড হর্স নাইন’ যেখানে অভিনয় করেছেন জন মালকোভিচ ও স্যাম রকওয়েল। ক্যাসি অ্যাফ্লেকের প্রযোজনা সংস্থা এবং জার্মান নির্মাতা ভের্নার হার্ৎসগের ‘বাকিং ফাস্টার্ড’ও আলোচনার কেন্দ্রে, যেখানে বাস্তব জীবনের দুই বোন কেট মারা ও রুনি মারা অভিনয় করেছেন। মূল প্রতিযোগিতায় এশিয়ার দুই গুরুত্বপূর্ণ নির্মাতা—জাপানের হিরোকাজু কোরেদার ‘লুক ব্যাক’ এবং দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’—তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

হলিউডের ছবির উপস্থিতি কম হলেও তারকাদের অভাব নেই। রবার্ট প্যাটিনসন এবারের ভেনিসের অন্যতম বড় তারকা আকর্ষণ। ল্যান্স ওপেনহাইমের ‘প্রাইমটাইম’ ছবিতে তাকে মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘টু ক্যাচ আ প্রিডেটর’ থেকে অনুপ্রাণিত হয়ে উপস্থাপক ক্রিস হ্যানসেনের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, আজীবন সম্মাননা নিতে আসছেন জর্জ ক্লুনি। তাঁর সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী এলেন বার্স্টিনও পাবেন সম্মানসূচক স্বর্ণ সিংহ। স্পেনের জনপ্রিয় তারকা দম্পতি পেনেলোপে ক্রুজ ও হাভিয়ের বারদেমের উপস্থিতি উৎসবের অন্যতম আকর্ষণ; ফরাসি নির্মাতা ফ্লোরিয়ান জেলারের নতুন ছবি ‘বাংকার’-এ তারা বাস্তব জীবনের স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।

উৎসব শুরু হওয়ার আগেই নারী নির্মাতাদের প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়। জুলাইয়ে মূল প্রতিযোগিতার ২০টি ছবি ঘোষণা করা হলে দেখা যায়, মাত্র একজন নারী নির্মাতার ছবি—মে এল-তুখির পরিচালিত ‘ওম্যান আননোন’—তালিকায় জায়গা পেয়েছে। এ নিয়ে চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সংগঠন ও অধিকারকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। আলবের্তো বারবেরার যুক্তি ছিল যে, নারী নির্মাতাদের কাছ থেকে প্রাপ্ত ছবির মান মূল প্রতিযোগিতায় স্থান পাওয়ার মতো ছিল না, যা নতুন বিতর্কের জন্ম দেয়। পরবর্তীতে ‘নাজা’ (যার সহ-পরিচালক একজন নারী) যুক্ত হওয়ায় নারী নির্মাতার প্রতিনিধিত্ব সামান্য বৃদ্ধি পায়।

সংগীতপ্রেমীদের জন্যও থাকছে বিশেষ আকর্ষণ। দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে আবার একত্রিত হওয়া ওয়েসিসের দুই ভাই নোয়েল ও লিয়াম গ্যালাঘার তাঁদের বহুল আলোচিত ‘কামব্যাক ট্যুর’ নিয়ে তৈরি তথ্যচিত্রের প্রিমিয়ারে আসতে পারেন। ‘ডোন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার’ নামের এই তথ্যচিত্রটি তাদের পুনর্মিলনী সফরের নানা অজানা গল্প তুলে ধরবে।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক কোনো বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত এই মনস্তাত্ত্বিক হরর সিনেমাটি উৎসবের অরিজোন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে। বিয়ে, মেকআপ এবং একটি বিউটি পার্লারের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার বিশ্ব প্রিমিয়ার হবে ৬ সেপ্টেম্বর ভেনিসে। এই উপলক্ষে নির্মাতা ও কলাকুশলীদের ৫ সেপ্টেম্বর ভেনিসে উপস্থিত থাকার কথা।