চার মাসেই ভাঙছে বাগদান? জিয়া শঙ্করের রহস্যময় পোস্টে তুঙ্গে জল্পনা

চার মাসেই ভাঙছে বাগদান? জিয়া শঙ্করের রহস্যময় পোস্টে তুঙ্গে জল্পনা
ভারতীয় অভিনেত্রী জিয়া শঙ্করকে ঘিরে সম্প্রতি নতুন করে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। বাগদানের মাত্র কয়েক মাসের মধ্যেই প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে।

একের পর এক বিষণ্ণ পোস্ট শেয়ার করার পর এই জল্পনার সৃষ্টি। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন জিয়া, যদিও বাগদত্তা কারান ধানাকের সঙ্গে সম্পর্ক ভেঙেছে কি না, তা তিনি সরাসরি উল্লেখ করেননি।

বরং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনুমানভিত্তিক আলোচনা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর অনুরাগীরা বিষয়টিকে সম্মান করবেন, এমনটাই প্রত্যাশা জিয়ার।

গত ৩১ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে জিয়া লেখেন, “একটি বিষয় পরিষ্কার করতে চাই। আমার ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব অনুমান করা হচ্ছে, সেগুলো আমার প্রকাশ করা কথার সীমা ছাড়িয়ে গেছে।

আমার সম্পর্ক নিয়ে দয়া করে অনুমান করবেন না কিংবা গুজব ছড়াবেন না। কিছু বিষয় ব্যক্তিগত, আশা করি সবাই সেটিকে সম্মান করবেন।” আসলে, সম্প্রতি ইনস্টাগ্রামে একের পর এক হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা ও মানসিক কষ্ট নিয়ে বিভিন্ন পোস্ট ও রিল শেয়ার করতে দেখা যায় জিয়াকে।

এসব দেখেই তাঁর ভক্তদের একাংশ ধারণা করেন, বাগদত্তা কারান ধানাকের সঙ্গে তাঁর সম্পর্কে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। জিয়ার শেয়ার করা একটি পোস্টে লেখা ছিল: “দুটি বিষয়ে আমি নিশ্চিত—প্রার্থনা কাজে আসে এবং সময় হলে সবকিছুর হিসাব হয়।” অন্য একটি পোস্টে তিনি লেখেন: “কিছু রাতে আমি সেরে উঠতে চাই না।

বরং চাই, মহাবিশ্ব স্বীকার করুক, আমার সঙ্গে যা ঘটেছে, তা নিষ্ঠুর ছিল।” সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টগুলো দ্রুত ছড়িয়ে পড়লে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। চলতি বছরের ৫ আগস্ট কারান ধানাকের সঙ্গে বাগদানের খবর প্রথম জানান জিয়া।

সূর্যাস্তের মনোরম আবহে কারান হাঁটু গেড়ে তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন—এমন বেশ কিছু ছবিও তখন প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেসব ছবিতে উজ্জ্বল ছিল তাঁর অনামিকার হীরার আংটি।

বাগদানের ছবিগুলোর সঙ্গে জিয়া লিখেছিলেন, “আমার পাগলাটে মানুষ, আমার সবচেয়ে ভালো বন্ধু, তোমার সঙ্গে জীবন সত্যিই এক দারুণ রোমান্টিক কমেডি। তোমার সঙ্গে সারা জীবন কাটানোর অপেক্ষায় আছি।

তুমি যেভাবে আমাকে ভালোবেসেছ, বাকি জীবন সেভাবেই তোমাকে ভালোবেসে যেতে চাই।” বাগদানের আগে নিজেদের সম্পর্ক অনেকটাই লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন এই জুটি। বাগদানের ছবি প্রকাশের মাধ্যমেই জিয়া প্রথমবার তাঁর অনুসারীদের সঙ্গে কারানকে পরিচয় করিয়ে দেন।

এরপর থেকে বিভিন্ন পার্টি, ভ্রমণ ও অবকাশযাপনের ছবি ও ভিডিওতে একসঙ্গে দেখা গেছে তাদের। কে এই জিয়া শঙ্কর?

তিনি একজন ভারতীয় অভিনেত্রী, যিনি টেলিভিশন, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করেছেন। ‘মেরি হানিকারক বিবি’, ‘কাতেলাল অ্যান্ড সন্স’ এবং ‘পিশাচিনী’ তাঁর উল্লেখযোগ্য টেলিভিশন কাজগুলোর মধ্যে অন্যতম।

এ ছাড়া রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ অভিনীত মারাঠি সিনেমা ‘ভেদ’-এও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তবে ২০২৩ সালে ‘বিগ বস ওটিটি ২’-এ অংশ নিয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

অন্যদিকে, জিয়ার বাগদত্তা কারান ধানাক, যিনি ‘কেডি’ নামেও পরিচিত, একজন যুক্তরাষ্ট্রভিত্তিক সফল উদ্যোক্তা।