Mon 26th Oct 2026, 9:37 pm
|

হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় এই মামলাটি দায়ের করেন।

আদালত বিষয়টি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় এই তথ্য নিশ্চিত করেছেন। বাদী সানায়া চৌধুরী বলেন, “শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা আগের মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আমার নারাজি আবেদন আদালত মঞ্জুর করেছেন।

এরপরই অভিনেত্রী তিশা বিভিন্ন লোকমারফত আমাকে হত্যার হুমকি দিতে শুরু করেন এবং আমার বাসায় লোকজন পাঠান।” তিনি আরও যোগ করেন, “আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই এই মামলা দায়ের করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমার বিশ্বাস আমি সঠিক বিচার পাব।” এর আগে গত রোববার (২৫ অক্টোবর) সানায়া চৌধুরী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে একটি নারাজি আবেদন দাখিল করেন।

বিচারক আবেদনটি শুনে এবং সকল সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। সিআইডিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।