চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই

চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই
বিশ্বজুড়ে হাজার কোটি রুপির ব্যবসা—যেকোনো ভারতীয় সিনেমার জন্যই এটি ঈর্ষণীয় সাফল্য। কিন্তু নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ক্ষেত্রে এই সাফল্যও যেন যথেষ্ট নয়।

রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত ছবিটি মুক্তির আট দিনের মাথায় বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি। অথচ দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি।

বিপুল এই বিনিয়োগের বিপরীতে প্রথম পর্বের আয় এখনো অনেকটা পথ পাড়ি দেওয়ার বাকি। তবে ‘রামায়ণ’-এর অর্থনৈতিক হিসাবটি শুধু বক্স অফিসের আয় দিয়ে বিচার করলে ভুল হবে।

কারণ, এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক বিপণন, ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট, সংগীতের স্বত্ব এবং ভবিষ্যতে অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ। সব মিলিয়ে এটি ভারতীয় চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় আর্থিক বাজি।

আট দিনে হাজার কোটি, আয় কোথা থেকে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রামায়ণ: পার্ট ওয়ান’। প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ছবিটির নিট আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি।

দ্বিতীয় দিনেই আয় ১০০ কোটি রুপি ছাড়ায়। বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে তা পৌঁছায় ২০০ কোটির ঘরে।

মুক্তির পঞ্চম দিনে ছবিটি আয় করে ১০৭ কোটি ৫০ লাখ রুপি। প্রথম সপ্তাহ শেষে ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়ায় ৬১১ কোটি ৫ লাখ রুপি গ্রস এবং ৫১১ কোটি ১০ লাখ রুপি নিট।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, অষ্টম দিনে ছবিটি ভারতের প্রেক্ষাগৃহ থেকে নিট আয় করেছে ৫৩ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে ভারতে নিট আয় ৫৬৪ কোটি ৬০ লাখ এবং গ্রস আয় ৬৭৫ কোটি ৫ লাখ রুপি।

বিদেশের বাজার থেকে এসেছে আরও ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি।

এই সাফল্যের মধ্য দিয়ে ছবিটি মাত্র আট দিনে হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। ভারতীয় সিনেমার মধ্যে এত দ্রুত এই মাইলফলক ছোঁয়া ছবিগুলোর তালিকায় এটি তৃতীয়।

এর আগে ‘পুষ্পা ২: দ্য রুল’ ও ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ সাত দিনে এই কৃতিত্ব অর্জন করেছিল। ‘বাহুবলী ২’, ‘আরআরআর’ ও ‘জওয়ান’-এর মতো ছবির চেয়েও দ্রুত হাজার কোটিতে পৌঁছেছে ‘রামায়ণ’।

৪ হাজার কোটি রুপির বাজেটের হিসাব

‘রামায়ণ’-এর বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছিল ছবিটি মুক্তির অনেক আগেই। প্রযোজক নমিত মালহোত্রার প্রতিষ্ঠান প্রাইম ফোকাস স্টুডিওসের এই প্রকল্পের দুটি পর্বের জন্য প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগের কথা জানা যায়।

ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার কোটি রুপি। তবে এই অঙ্কের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন ছবির অন্যতম অভিনেতা ও সহপ্রযোজক যশ।

তাঁর বক্তব্য, ৪ হাজার কোটি রুপি শুধু দুটি ছবির নির্মাণব্যয় নয়; এর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী মুক্তি ও প্রচারের খরচও। আন্তর্জাতিক বাজারে একটি বড় সিনেমা পৌঁছে দিতে বিপণনে কখনো কখনো নির্মাণব্যয়ের সমান, এমনকি তার চেয়েও বেশি অর্থ ব্যয় করতে হয়।

হাজার কোটি আয় মানেই কি বিনিয়োগ উঠে এসেছে?

এখানেই রয়েছে ‘রামায়ণ’-এর সবচেয়ে বড় আর্থিক চ্যালেঞ্জ। দর্শকের টিকিট কেনার অর্থের পুরোটা প্রযোজকের হাতে যায় না।

সিনেমা হল, পরিবেশক ও বিভিন্ন পক্ষের মধ্যে আয়ের একটি অংশ ভাগ হয়ে যায়। ফলে বিশ্বব্যাপী ১ হাজার ৩৩ কোটি রুপি গ্রস আয় করলেও প্রযোজকের প্রকৃত প্রাপ্তি তার চেয়ে অনেক কম।

এনডিটিভি প্রফিটের এক প্রতিবেদনে বাণিজ্য বিশ্লেষকদের আনুমানিক হিসাব তুলে ধরে বলা হয়েছে, আট দিনে ছবিটির প্রযোজকের হাতে আসতে পারে প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি। এই হিসাবে প্রথম পর্বের গড় বাজেট ২ হাজার কোটি রুপি ধরলেও প্রযোজকের বিনিয়োগ তুলে আনতে আরও অনেক আয় প্রয়োজন।

এনডিটিভি প্রফিটের বিশ্লেষণে বলা হয়েছে, ছবিটির দুটি পর্বের বিনিয়োগের বিপরীতে শুধু প্রেক্ষাগৃহের আয়ের ওপর নির্ভর করলে বিশ্বব্যাপী প্রায় ৫ হাজার কোটি রুপির ব্যবসার লক্ষ্য সামনে আসতে পারে। আরও পড়ুন৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা!

চমকে দিল ৩০ কোটির সিনেমাটি ১০ নভেম্বর ২০২৬ওটিটি ও সংগীতের স্বত্ব থেকেও আসবে অর্থ

প্রেক্ষাগৃহের বাইরে ছবিটির আয়ের আরও কয়েকটি পথ রয়েছে। ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট সম্প্রচার এবং সংগীতের স্বত্ব বিক্রি করে বড় অঙ্কের অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রামায়ণ’-এর ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ইতিমধ্যে ৪৫০ থেকে ৫৫০ কোটি রুপি আয়ের খবর পাওয়া গেছে। তবে এই চুক্তির অঙ্ক নির্মাতারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

স্যাকনিল্কের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুটি পর্বের স্বত্বই স্টার নেটওয়ার্কের কাছে বিক্রি হয়েছে। প্রেক্ষাগৃহের পর ছবিটি জিওহটস্টারে পে-পার-ভিউ পদ্ধতিতে মুক্তি পাওয়ার কথা।

এ ছাড়া দুটি পর্বের সংগীতের স্বত্ব টি-সিরিজের কাছে ৭৫ থেকে ১০০ কোটি রুপিতে বিক্রির খবরও এসেছে। চীনের বাজারের দিকে তাকিয়ে নির্মাতারা

আন্তর্জাতিক বাজারে ছবিটির ব্যবসা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় ১১ নভেম্বর মুক্তি পেয়েছে ‘রামায়ণ’।

সামনে চীনের বাজারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতীয় সিনেমার জন্য চীন যে কত বড় বাজার হতে পারে, তার উদাহরণ আমির খানের ‘দঙ্গল’।

চীনে মুক্তির পর ছবিটি বিপুল ব্যবসা করেছিল। বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছিল প্রায় ১ হাজার ৩০৫ কোটি রুপি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি ও ইন্ডিয়া টুডে অবলম্বনে