Mon 24th Aug 2026, 5:30 am

সংলাপে যাবে বিএনপি, নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে

সংলাপে যাবে বিএনপি, নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে

 প্রধানমন্ত্রীর সঙ্গে আবার সংলাপে অবশ্যই ‘নির্বাচন বাতিলের’ বিষয়টি এজেন্ডা হিসেবে থাকতে হবে। এ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এজেন্ডা জানলে সংলাপে যাওয়ার বিষয়টি তাঁরা বিবেচনা করবেন।

সিলেটে সোমবার হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংলাপের এজেন্ডা না জেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, গতবারের মত যদি সংলাপ হয়, তবে তা কখনও অর্থবহ হবে না। ওনারা যে সংলাপের কথা বলছেন, ওই সংলাপের এজেন্ডা কি? আমাদের এজেন্ডা একটাই। এই নির্বাচন বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, সংলাপের এজেন্ডায় যদি নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের বিষয়টি থাকে তাহলে আমরা সংলাপে যাবো।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ড. কামাল যেটা বলেছেন সেটা তার দলীয় বিষয়। ড. কামাল হোসেনের বক্তব্য নিয়ে বিএনপির দলীয় ফোরামে আলোচনা হবে।’

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।