চট্টগ্রামে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের তাণ্ডব: আওয়ামী লীগ নেতার বাসভবন ও সরকারি দপ্তরে হামলা

চট্টগ্রামে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের তাণ্ডব: আওয়ামী লীগ নেতার বাসভবন ও সরকারি দপ্তরে হামলা
চট্টগ্রামে মধ্যরাতে উত্তেজনা ছড়িয়েছে। গত বুধবার দিবাগত রাতে নগরীর দামপাড়ার পল্টন সড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

এ ঘটনায় তার পাশের একটি ভবনেও ভুলবশত হামলা করে দুর্বৃত্তরা। জানা গেছে, মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনটি জহুর আহমেদ চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত।

দুর্বৃত্তরা এই তলার কাচ ভাঙচুর করে। এছাড়াও ভবনের নিচতলায় কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরীর কক্ষও রেহাই পায়নি তাদের তাণ্ডব থেকে।

প্রাথমিকভাবে পাশের সাঈদা নিবাস নামের একটি ভবনে মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা মনে করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এলাকায় আসে।

প্রথমে তারা সাঈদা নিবাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, এরপর জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে হামলা চালায়। এ বিষয়ে নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

সেখানে কিছু কাচের টুকরা পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এদিকে, একই রাতে নগরের জিইসি মোড় এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনার জন্য নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছে।

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান নিশ্চিত করেছেন যে, কয়েকজন লোক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। তাদের প্রাথমিক ধারণা, এই ঘটনার সঙ্গেও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা জড়িত থাকতে পারে।