মহাখালীতে দূরবীন বাংলা রেস্তোরাঁয় শিক্ষার্থীদের হামলা, আহত ১০

মহাখালীতে দূরবীন বাংলা রেস্তোরাঁয় শিক্ষার্থীদের হামলা, আহত ১০
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত দূরবীন বাংলা রেস্তোরাঁয় এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। খাবার সিরিয়ালকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের হামলায় রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে এক শিক্ষার্থীর সঙ্গে সিরিয়াল নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা রেস্তোরাঁকর্মী খলিলকে মারধর করে। এরপর তারা রেস্তোরাঁর চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর শুরু করে।

এই হামলায় রেস্তোরাঁর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনা তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।