Tue 28th Jul 2026, 1:50 am

সিরিজসেরার মুকুট জয়ের পাশাপাশি বৈশ্বিক রেকর্ড গড়লেন সূর্যবংশী

সিরিজসেরার মুকুট জয়ের পাশাপাশি বৈশ্বিক রেকর্ড গড়লেন সূর্যবংশী
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে এসেও শেষ মুহূর্তে তা ছুঁতে পারেননি বৈভব সূর্যবংশী। ব্র্যাড ইভান্সের অসাধারণ এক ক্যাচের কারণে সে রেকর্ড অধরা রয়ে যায়। তবে ভারত-জিম্বাবুয়ে তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতীয় এই বিস্ময়-বালকের ঝুলিতে যোগ হয়েছে আরেকটি বৈশ্বিক রেকর্ড। এটি হলো আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সিরিজসেরা হওয়ার রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৭৭ বলে দুটি অর্ধশতকসহ ১৫১ রান সংগ্রহ করেন সূর্যবংশী। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তাকেই ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কারে ভূষিত করা হয়। ভারতীয় জার্সিতে মাত্র ১৫ বছর ১২১ দিন বয়সে নিজের দ্বিতীয় সিরিজেই এই সম্মান অর্জন করেন সূর্যবংশী। এর মধ্য দিয়ে তিনি ভেঙেছেন আফগান স্পিনার মুজিব উর রেহমানের রেকর্ড। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৬ বছর ৩২৫ দিন বয়সে ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছিলেন মুজিব। নিজের ৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি সূর্যবংশীর দ্বিতীয় বিশ্ব রেকর্ড। এই সিরিজের প্রথম ম্যাচেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ফিফটি করার রেকর্ড গড়েছিলেন। সিরিজসেরার পাশাপাশি আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সূর্যবংশী। তবে এই ক্ষেত্রে রেকর্ড গড়া সম্ভব হয়নি। সূর্যবংশীর চেয়ে কম বয়সে ম্যাচসেরা হয়েছেন কেবল একজনই—২০২২ সালে ক্যামেরুনের বিপক্ষে ১৫ বছর ৭৪ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন সিয়েরা লিওনের আলুসিনে তুরে।