যুক্তরাষ্ট্রে বায়ুবিদ্যুৎকেন্দ্রে বাদুড় মৃত্যুর উদ্বেগজনক চিত্র

যুক্তরাষ্ট্রে বায়ুবিদ্যুৎকেন্দ্রে বাদুড় মৃত্যুর উদ্বেগজনক চিত্র
যুক্তরাষ্ট্রে প্রতি বছর বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইনের আঘাতে মারা যাচ্ছে বিপুল সংখ্যক বাদুড়, যা পরিবেশের ভারসাম্য নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ২০০৩ সালে পশ্চিম ভার্জিনিয়ার এক পাহাড়ে নতুন একটি বায়ুবিদ্যুৎকেন্দ্রের কাছে হাজার হাজার মৃত বাদুড় উদ্ধারের পর থেকেই বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসে।

সম্প্রতি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত এক নতুন গবেষণায় বলা হয়েছে, ১৯৮১ থেকে ২০২৪ সালের মধ্যে বায়ুবিদ্যুৎকেন্দ্রের বিশাল টারবাইনের কারণে দেশটিতে আনুমানিক ১ কোটি ৮৭ লাখ বাদুড়ের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাত্র ২০ বছর আগেও প্রতি বছর প্রায় এক লাখ বাদুড় মারা যেত।

কিন্তু ২০২১ সাল থেকে বায়ুবিদ্যুৎকেন্দ্রের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই মৃত্যুর সংখ্যা বছরে ১৫ লাখে পৌঁছেছে। গত চার দশকে টারবাইনের আঘাতে বাদুড়ের এই মৃত্যুর হার ২০০৬ সালে উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়া মারণ ছত্রাকজনিত রোগ হোয়াইট-নোজ সিনড্রোমের ক্ষতির প্রায় সমান।

ব্যাট কনজারভেশন ইন্টারন্যাশনালের প্রধান বিজ্ঞানী উইনিফ্রেড ফ্রিক এই তথ্যকে 'মর্মান্তিক' বলে উল্লেখ করেছেন। মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী ও গবেষণার জ্যেষ্ঠ লেখক বেথানি ফ্রিডের মতে, অ্যাপালেচিয়ান পর্বতমালা অঞ্চলটি বাদুড় মৃত্যুর প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে।

২৭৭টি কেন্দ্রের ৪৯৯টি প্রতিবেদন বিশ্লেষণ করে তৈরি করা একটি মডেলে দেখা গেছে, নদীর কাছাকাছি এবং পুরোনো খনির প্রবেশপথের কাছে নির্মিত বায়ুবিদ্যুৎকেন্দ্রগুলোতে মৃত্যুর হার সর্বোচ্চ। এছাড়াও, বড় ব্লেডযুক্ত টারবাইন এবং মাটির কাছাকাছি ঘূর্ণায়মান ব্লেড বাদুড়ের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে।

গবেষণায় আরও উঠে এসেছে যে, সাম্প্রতিক মৃত্যুর ৮৯ শতাংশই পরিযায়ী প্রজাতির বাদুড়, যার মধ্যে হোয়ারি ব্যাট অন্যতম। আমেরিকান ক্লিন পাওয়ার অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র জানিয়েছেন, বায়ুবিদ্যুৎ শিল্প খাত বাদুড়ের এই ঝুঁকি সম্পর্কে সচেতন এবং সংরক্ষণ ব্যবস্থা বাড়াতে তারা কাজ করছে।

উল্লেখ্য, বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইনের কারণে বাদুড় কমে গেলে তা কেবল তাদের প্রজাতি নয়, সামগ্রিকভাবে কৃষি খাতেও মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। কারণ, পোকামাকড় খেকো বাদুড়ের সংখ্যা হ্রাস পেলে কৃষকদের ফসলে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার বাড়াতে হয়, যা পরিবেশের জন্য আরও বড় বিপদ ডেকে আনে।

জার্নাল অব অ্যাপ্লাইড ইকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় ইউরোপের বায়ুবিদ্যুৎকেন্দ্রের তথ্যের ভিত্তিতে দেখানো হয়েছে যে, বাদুড়ের উড্ডয়ন উপযোগী সময়ে উইন্ড টারবাইন বন্ধ রাখলে ৮০ শতাংশের বেশি বাদুড়ের মৃত্যু রোধ করা সম্ভব। এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের পরিবেশবিজ্ঞানীরা দেশটিতে সব ধরনের বাদুড় রক্ষায় একটি সমন্বিত সরকারি নীতিমালা প্রণয়নের জন্য জোর দাবি জানিয়েছেন।