Wed 28th Oct 2026, 12:53 pm
|

ফ্রান্সে নতুন সাহিত্য পুরস্কার: এআই-সহায়তায় রচিত লেখার সম্মাননা

ফ্রান্সে নতুন সাহিত্য পুরস্কার: এআই-সহায়তায় রচিত লেখার সম্মাননা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সাহিত্য সৃষ্টির বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে যখন নানা বিতর্ক চলছে, তখনই ফ্রান্সে চালু হতে চলেছে এক ভিন্নধর্মী সাহিত্য পুরস্কার। ‘প্রি পাস্কাল দ্য লিতেরাত্যুর আইএ’ নামের এই নতুন আয়োজনে মানুষ ও এআইয়ের যৌথ প্রচেষ্টায় তৈরি অপ্রকাশিত রচনাকে পুরস্কৃত করা হবে।

তবে, এখানে এআইয়ের ব্যবহার গোপন করার কোনো সুযোগ নেই; কীভাবে লেখাটি তৈরি হয়েছে, সেই প্রক্রিয়া বিচারকদের কাছে বিস্তারিত জানাতে হবে। ফ্রান্সের জাতীয় বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রের গবেষক আলেক্সান্দ্র জেফেন ১৫ অক্টোবর এক আলোচনায় এই নতুন উদ্যোগের কথা জানান।

পরদিন ১৬ অক্টোবর ফরাসি প্রকাশনা শিল্প সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো এই পুরস্কারের খবর প্রকাশ করে। ফরাসি দার্শনিক ও গণিতবিদ ব্লেজ পাস্কালের নামে পুরস্কারটির নামকরণ করা হয়েছে।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এই পুরস্কারের জন্য রচনা জমা দিতে কোনো প্রকাশকের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন নেই। জাতীয়তার কোনো বাধা না থাকলেও, লেখাটি অবশ্যই ফরাসি ভাষায় হতে হবে।

পাণ্ডুলিপির সাথে রচনার প্রাথমিক ধারণা এবং একটি কারিগরি বিবরণ জমা দেওয়া বাধ্যতামূলক; যেখানে ব্যবহৃত এআই মডেল ও লেখা তৈরির বিস্তারিত প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। রচনার সাহিত্যমান, মৌলিকতা, শৈলী ও সামগ্রিক সামঞ্জস্য বিচারকদের মূল বিবেচ্য বিষয় হবে।

নির্বাচিত লেখককে অর্থ পুরস্কারের পাশাপাশি তার রচনা প্রকাশের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের শুরুর দিকে এই পুরস্কার ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি এআই ব্যবহারের অভিযোগে লেখক থেলিসোঁ ওরেলিয়েনের উপন্যাস গঁকুর পুরস্কারের তালিকা থেকে বাদ পড়লে ফরাসি সাহিত্যজগতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এমন এক বিতর্কের পরপর এ ধরনের একটি পুরস্কার চালু হওয়া নিঃসন্দেহে সাহিত্যমহলে নতুন আলোচনার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে।