নড়াইলে প্রাক্তন শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার মালামাল লুট

নড়াইলে প্রাক্তন শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার মালামাল লুট
নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় প্রাক্তন শিক্ষক সমর কুমার বিশ্বাসের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত বাড়ির জানালার রড কেটে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, আনুমানিক ৭-৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রেখে চাবি ছিনিয়ে নেয়।

এরপর তিন তলা বাড়ির আলমারি ও লকার ভেঙে অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা এবং একটি দামি ক্যামেরা লুট করে। বাড়ির মালিক ৭০ বছর বয়সী সমর কুমার বিশ্বাস জানান, ঘটনার সময় তিনি স্ত্রীসহ মোট চারজন বাড়িতে ছিলেন।

পূজা উপলক্ষে তার দুই মেয়ে ও জামাইরাও বেড়াতে এসেছিলেন। রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের দিকে ঘুম ভাঙলে তারা ঘরে মুখোশধারী লোকজনকে দেখে আতঙ্কে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন।

ডাকাতরা তাৎক্ষণিকভাবে সবার মোবাইল ফোন কেড়ে নেয় এবং অস্ত্রের মুখে তাদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পাওয়ার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জোর তদন্ত চলছে এবং দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।