Sat 29th Aug 2026, 10:15 am

লিখিত পরীক্ষায় ছদ্মবেশী অংশগ্রহণের মাধ্যমে উত্তীর্ণ, মৌখিক পরীক্ষায় এসে ৬ প্রার্থী গ্রেপ্তার

লিখিত পরীক্ষায় ছদ্মবেশী অংশগ্রহণের মাধ্যমে উত্তীর্ণ, মৌখিক পরীক্ষায় এসে ৬ প্রার্থী গ্রেপ্তার
ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ছদ্মবেশী প্রার্থীর (প্রক্সি) মাধ্যমে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষা চলাকালে ছয়জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় তাদের আটক করা হয়। গভীর রাতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা গত ১৫ মে তারিখে অনুষ্ঠিত হয়েছিল। শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছিল। এ সময় কয়েকজন প্রার্থীর হস্তলিপি এবং মেধা যাচাইকালে উল্লেখযোগ্য অসঙ্গতি পরিলক্ষিত হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটককৃত ছয় প্রার্থী লিখিত পরীক্ষায় প্রক্সি প্রার্থীর মাধ্যমে অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত ছয় প্রার্থী হলেন: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।

এই ঘটনার পর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহবাগ থানাকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল আলমের তত্ত্বাবধানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে অভিযুক্ত ছয় প্রার্থীকে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় স্থানান্তর করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ছয় প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।