Sat 15th Aug 2026, 2:13 pm

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ২ জন নিহত, ব্যাপক ধ্বংসযজ্ঞ

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ২ জন নিহত, ব্যাপক ধ্বংসযজ্ঞ
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার ভোরে ৭.৭ মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশের জরুরি সেবা বিভাগ এ পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, এবং প্রাথমিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে (জিএমটি রাত ৯টা ৫৮ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে, যার পর বেশ কয়েকটি শক্তিশালী পরাঘাত অনুভূত হয়।

রাজধানী জাকার্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান উল্লেখ করেন যে, বর্তমান তথ্য অনুযায়ী একজন পুরুষ ও একজন নারীসহ মোট দু'জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ওই কর্মকর্তা আরও জানান, বিস্তারিত তথ্য যাচাই-বাছাইয়ের পর হতাহতের চূড়ান্ত সংখ্যা এবং ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ভূমিকম্পের পরপরই ফ্লোরেস দ্বীপের কয়েকটি এলাকায় তিন ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। উপকূলে সুনামি সতর্কতা জারি করা হলে, আতঙ্কিত বহু মানুষ উঁচু ও নিরাপদ স্থানে সরে যায়। তবে, পরবর্তীতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নিশ্চিত করেন যে, সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

বিএমকেজি’র ভূমিকম্প ও সুনামি বিভাগের পরিচালক উইজায়ান্তো জাকার্তায় সাংবাদিকদের বলেন, “আমরা সুনামি সতর্কতা প্রত্যাহার করেছি, তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।”

ভূমিকম্পের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের মাউমেরে শহরের একটি বন্দরে ধারণ করা একটি ভিডিও বার্তা সংস্থা রয়টার্স যাচাই করে নিশ্চিত করেছে। ভিডিওটিতে দেখা যায়, একটি ভবনের অংশবিশেষ ধসে পড়ছে এবং মানুষজন আতঙ্কিত হয়ে চিৎকার করতে করতে রাস্তায় ছুটে পালাচ্ছে।

স্থানীয় কমপাস টিভিতে প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, ইস্ট নুসা তেনগারা প্রদেশের এন্দে এলাকার একটি হাসপাতাল থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে।