Thu 6th Aug 2026, 11:15 pm

সৌদিতে ১ মার্চ রমজান শুরু

সৌদিতে ১ মার্চ রমজান শুরু
সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য এবং রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে, সৌদি আরবে ১ মার্চ থেকে রমজান শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাস ২৯ দিনের হবে, যার শেষ দিন হবে ২৯ মার্চ এবং ঈদুল ফিতর ৩০ মার্চ পালিত হবে। তবে চাঁদ দেখা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা সুপ্রিম কোর্ট থেকে আসবে।

রয়্যাল কোর্টের সদস্য জানিয়েছেন যে, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদ ২৮ ফেব্রুয়ারি রাত ৩টা ৪৪ মিনিটে জন্ম নেবে, এবং ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে, ফলে এটি সহজেই খালি চোখে দেখা যাবে।

এ বছর রমজান মাসের প্রথম দিনটি বসন্তের সাথে মিলে যাওয়ায়, রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর এবং কাতারে মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয়, তাই বাংলাদেশে ২ মার্চ প্রথম রমজান পালন করা হবে।