Mon 21st Sep 2026, 1:09 am

ভূ-রাজনৈতিক অস্থিরতা: মার্কিন-ইরান উত্তেজনার মাঝেও বিশ্ববাজারে তেলের দরপতন

ভূ-রাজনৈতিক অস্থিরতা: মার্কিন-ইরান উত্তেজনার মাঝেও বিশ্ববাজারে তেলের দরপতন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজের চলাচল স্বাভাবিক থাকায় তাৎক্ষণিকভাবে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় দুপুর ১টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দামও কমেছে। প্রতি ব্যারেলে ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ দরপতনের ফলে এর মূল্য দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯০ ডলারে।

এর আগের লেনদেনের দিনে অবশ্য তেলের বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়ে যায়, যা চলমান সংকটের সময় উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধির অন্যতম ছিল।

এরও আগে মঙ্গলবার প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাত সাময়িকভাবে থেমে যাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছিল।

এদিকে, ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে অভিযান শুরু হয়। পরে ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশ ও দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি।