পুঁজিবাজারে আসতে আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করুন: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারে আসতে আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করুন: বিএসইসি চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আসার আগে কঠোর আর্থিক প্রস্তুতি, সুচিন্তিত ব্যবসায়িক পরিকল্পনা এবং দৃঢ় আর্থিক সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে শুরু হওয়া 'মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানের বিনিয়োগ গ্রহণের প্রস্তুতি' বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই দুই দিনব্যাপী কর্মশালা বিএসইসি এবং যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে। চেয়ারম্যান মাসুদ খান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন।

তাই কোনো প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের আগে তার ব্যবসায়িক পরিকল্পনা, বাজারের সম্ভাবনা এবং শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টির সক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। বিনিয়োগের সিদ্ধান্ত অবশ্যই সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে হবে।

বিএসইসি চেয়ারম্যান আরও উল্লেখ করেন, দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিকাশে পুঁজিবাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। বিএসইসি দেশের এসএমই ও মাঝারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে সবসময় স্বাগত জানায়।

তবে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে এসব প্রতিষ্ঠানের আর্থিক অবকাঠামো, সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা, সুস্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা এবং পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকা অপরিহার্য। তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান যেন তারা স্বচ্ছতা, পেশাদার ব্যবস্থাপনা ও আর্থিক জবাবদিহি নিশ্চিত করেন।

পাশাপাশি, দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের মানসিকতা নিয়েই যেন তারা পুঁজিবাজারে আসেন। এটি পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএসইসি ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের এই যৌথ কর্মশালায় দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এখানে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আর্থিক মূল্যায়ন, বিনিয়োগকারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন, বিনিয়োগকারীদের সামনে ব্যবসার পরিকল্পনা উপস্থাপন এবং সফলভাবে অর্থায়ন সংগ্রহের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের প্রশিক্ষক গগনদীপ সিং বকশি এই কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করছেন।