Fri 10th Jul 2026, 1:10 am

সিএসই-সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যারা

সিএসই-সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যারা

শেয়ারবাজার বিষয়ক রিপোর্টিংয়ে পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক। শেয়ারবাজারের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রথমবারের মতো যৌথভাবে এ পুরস্কার দিয়েছে।

সিএসই-সিএমজেএফ ক্যাপিটাল মার্কেট বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৮ প্রাপ্তরা হলেন- প্রিন্ট মিডিয়ায় দৈনিক শেয়ার বিজের স্টাফ রিপোর্টার নিয়াজ মাহমুদ, ইলেক্ট্রনিক মিডিয়ায় বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ এবং অনলাইন ক্যাটাগরিতে বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম।

শনিবার চট্টগ্রামে সিএসইর শেয়ারবাজার মেলার সমাপনী দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, ক্রেস্ট এবং নগদ অর্থ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, বিএসইসির কমিশনার মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, ড. স্বপন কুমার বালা ও খোন্দকার কামালুজ্জামান, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার এবং সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অংশ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হতে পারেননি।

এবারের ইভেন্টে তিন ক্যাটাগরি মোট ২০জন রিপোর্টার প্রতিযোগিতার জন্য রিপোর্ট জমা দিয়েছিলেন। এরমধ্যে প্রিন্ট মিডিয়ায় ১১টি, অনলাইন ৬টি এবং টেলিভিশন ক্যাটাগরিতে ৩টি। প্রিন্ট মিডিয়ায় যারা স্বল্প সময়ের আহ্বানে গত ১৮ থেকে ২১ জানুয়ারি সময়ের মধ্যে পুরস্কারের জন্য রিপোর্ট জমা নেয়া হয়।