Mon 17th Aug 2026, 5:03 pm

রাশমিকা মান্দানা: তারকা জীবনের অজানা অধ্যায় - নার্ভাসনেস ও ব্যক্তিগত ফ্যাশনের একান্ত আলাপ

রাশমিকা মান্দানা: তারকা জীবনের অজানা অধ্যায় - নার্ভাসনেস ও ব্যক্তিগত ফ্যাশনের একান্ত আলাপ
আপনার ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্ট এবং সময়ের পরিক্রমায় এর বিবর্তন সম্পর্কে জানতে চাই।

রাশমিকা: আমার কাছে ফ্যাশন হলো আত্মপ্রকাশের এক নীরব ভাষা, নিজেকে উপস্থাপন করার সবচেয়ে সহজ মাধ্যম। সময়ের সাথে আমার স্টাইল যথেষ্ট বিবর্তিত হয়েছে। বর্তমানে, বেশিরভাগ সময়ই আমাকে দেখা যায় ওভারসাইজড ট্রাউজার, ফিটেড টি-শার্ট, কিছু সাধারণ অ্যাকসেসরিজ এবং পছন্দের জুতোয়। এই স্টাইলটি যেমন আরামদায়ক ও ঝামেলামুক্ত, তেমনি এটি আমার ব্যক্তিত্বের সাথেও পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমি যা-ই পরি না কেন, তা যেন সেই মুহূর্তের আমার অনুভূতিকে প্রতিফলিত করে, সেটাই আমার লক্ষ্য।

কোন ধরনের পোশাকে আপনি নিজেকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?

রাশমিকা: আমার স্বাচ্ছন্দ্যের শীর্ষে থাকে ক্রপড টি-শার্ট অথবা রিল্যাক্সড কো-অর্ড সেট, আরামদায়ক জগার্স বা ডেনিম, সাথে একটি ক্যাপ ও ন্যূনতম অ্যাকসেসরিজ।

সুস্থ এবং সুন্দর জীবনযাত্রার জন্য আপনার পালন করা তিনটি প্রধান অভ্যাস কী কী?

রাশমিকা: আমি নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং এবং ফাংশনাল ওয়ার্কআউট করি; সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করি এবং পর্যাপ্ত ঘুম ও আত্ম-পুনরুদ্ধারের (self-recovery) প্রতি বিশেষ মনোযোগ দিই। আমার কাছে সুস্থতা কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং প্রতিদিন নিজের সেরাটা দিতে পারার মতো শারীরিক শক্তি ও মানসিক প্রস্তুতি বজায় রাখার নাম।

আপনার ওয়ার্ডরোবের সবচেয়ে মূল্যবান এবং প্রিয় জিনিস কোনটি?

রাশমিকা: এটি একটি কঠিন প্রশ্ন! আমি সাধারণত বস্তুগত জিনিসের সাথে খুব বেশি আবেগ জড়াই না। তবে যদি বেছে নিতেই হয়, সম্ভবত আমি আমার ‘সোয়ারোভস্কি ক্রকস’-এর জুতাজোড়াইকে নির্বাচিত করব। এটি এমন দুটি ব্র্যান্ডের একটি যৌথ উদ্যোগ যা আমি অত্যন্ত পছন্দ করি। উপরন্তু, এটি যেমন স্টাইলিশ, তেমনই অসাধারণ আরামদায়ক।

কোন অনন্য গুণটি আপনাকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছে বলে মনে করেন?

রাশমিকা: বর্তমান পৃথিবী ক্রমাগত আমাদের বলে দেয়, আমাদের কেমন হওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম, চলমান ট্রেন্ড এবং অসংখ্য মতামতের ভিড়ে নিজের পরিচয় হারিয়ে ফেলাটা অত্যন্ত সহজ। আমার কাছে সফলতা বলতে কোনো নিখুঁত ভাবমূর্তি তৈরি করা নয়, বরং নিজের প্রতি এবং আমার দর্শকদের প্রতি সৎ থাকা। মানুষ আন্তরিকতাকে গভীরভাবে উপলব্ধি করতে পারে; এবং এই গুণটি কখনোই পুরোনো হয় না।

জনসাধারণের সূক্ষ্ম বিশ্লেষণ বা সমালোচনার সাথে আপনি কীভাবে মানিয়ে চলেন?

রাশমিকা: একজন অভিনয়শিল্পী হিসেবে সর্বদা জনসাধারণের নজরে থাকাটা স্বাভাবিক। তাই নানা ধরনের বিচার-বিশ্লেষণের সম্মুখীন হওয়াটা অনিবার্য। সময়ের সাথে আমি উপলব্ধি করেছি যে, যদিও আমি সবার সব মতামত নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমার প্রতিক্রিয়া কেমন হবে, তার নিয়ন্ত্রণ কিন্তু আমার হাতেই। তাই আমি আমার কাজে মনোনিবেশ করি এবং নিজের প্রতি সৎ থাকার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, আমার কাজই আমার হয়ে কথা বলবে। সৌভাগ্যবশত, মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা এবং সমর্থনের আওয়াজ সর্বদা সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী।

জেন-জির মধ্যে আত্মপ্রকাশের ক্ষেত্রে কোনো দ্বিধা ছাড়াই নিজস্ব সত্তাকে তুলে ধরার প্রবণতা জোরদার হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কী?

রাশমিকা: আমি এটিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখি। প্রতিটি প্রজন্ম তার উত্তরসূরিদের আরও সাহসী হতে শেখায়। জেন-জি তাদের স্বতন্ত্র পরিচয়কে দ্বিধা ছাড়াই গ্রহণ করে, যা নিঃসন্দেহে উদযাপনের যোগ্য। স্বকীয়তা কোনো লুকানোর বিষয় নয়; বরং গর্বের সাথে বহন করার একটি গুণ।

'ক্রিয়েটর কালচার' কি তরুণদের নিজেদের স্বতন্ত্র কণ্ঠ খুঁজে পেতে সহায়তা করেছে বলে আপনি মনে করেন?

রাশমিকা: নিঃসন্দেহে। অতীতে সুযোগের পরিসর ছিল অত্যন্ত সীমিত। কিন্তু এখন কনটেন্ট ক্রিয়েটররা প্রমাণ করেছেন যে, সাফল্যের পথ একটি নির্দিষ্ট ধারায় সীমাবদ্ধ নয়। মানুষ এখন তাদের অনন্য প্রতিভা এবং দৃষ্টিভঙ্গির জন্য পরিচিতি লাভ করছে। সাফল্যের সংজ্ঞাও পরিবর্তিত হয়েছে; বর্তমানে ব্যক্তিত্ব এবং স্বকীয়তাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এত বছরের অভিনয় জীবনে আজও কোন বিষয়টি আপনাকে নার্ভাস করে তোলে?

রাশমিকা: প্রতিটি নতুন সিনেমা এবং এর প্রতিটি মুক্তি আজও আমাকে নার্ভাস করে তোলে। যত বছরই কাজ করি না কেন, প্রতিবারই আমার মনে হয় যেন হৃদয়ের একটি অংশ আমি জনসাধারণের সামনে উন্মোচন করছি। আমি মনে করি, মনের ভেতরের এই অস্থিরতা বা উত্তেজনা একটি অত্যন্ত ইতিবাচক বিষয়। কারণ, এটি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমি আজও আমার কাজটিকে কতটা গভীরভবে ভালোবাসি।