Thu 30th Jul 2026, 4:50 am

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী মেঘলা মুক্তা, নিবিড় পরিচর্যা কেন্দ্রে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী মেঘলা মুক্তা, নিবিড় পরিচর্যা কেন্দ্রে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি
জনপ্রিয় অভিনেত্রী মেঘলা মুক্তা বর্তমানে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। বুধবার মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাঁর অ্যাডমিন প্যানেল একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে ঐ ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সকলে তাঁর জন্য প্রার্থনা করবেন। আমরা তাঁর সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করি।"

একই পোস্টে ভক্ত এবং নেটিজেনদের প্রতি অপপ্রচার না চালানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, "দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আমরা অবিলম্বে আমাদের অফিশিয়াল পেজে তা প্রকাশ করব।"

উল্লেখ্য, এর আগে ২৭ জুলাই মেঘলা মুক্তা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছিলেন। নিজের ভাঙা মুঠোফোন সেটের কয়েকটি ছবি সহ তিনি লিখেছিলেন, "আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।"

ঐ পোস্টের ঠিক দুই দিন পর তাঁর অফিশিয়াল পেজ থেকে এই দুর্ঘটনার খবরটি প্রকাশিত হলো।

মেঘলা মুক্তা তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে সর্বাধিক পরিচিতি লাভ করেন। ক্যারিয়ারের শুরুতে তিনি র‍্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন এবং বিলবোর্ড ও গানের ভিডিওতে মডেলিং করেছেন। বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ এবং ‘আগুনের পাখি’।